Somoy TV
পরিবেশ রক্ষা কোনো তাত্ত্বিক কথা নয়, বরং এটি আমাদের অভ্যাসের প্রতিফলন–এমন মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। নিজের যাপিত জীবনের একটি অভ্যাসের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, আমার ব্যবহৃত টিস্যুগুলো পকেটে রেখে দিই এবং বাসায় ফেরার পর নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি।’মঙ্গলবার (১২ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ অধিদফতরের একটি প্রকল্পের আওতায় ‘পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। পরিবেশের ওপর মানুষের নিষ্ঠুর আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘সব ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা দেয়া হয়েছে। যারা কলকারখানায় ইটিপি ব্যবহার করছেন না, অযথা গাড়ির হর্ন বাজাচ্ছেন কিংবা যেখানে-সেখানে ময়লা ফেলছেন, তারা মূলত মানুষরূপী চতুষ্পদ প্রাণী।’ শব্দদূষণ রোধে নিজের সচেতনতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার ফোন সাইলেন্ট রাখি যাতে কাউকে কষ্ট না দিই। আসুন, আমরা আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করে সু-অভ্যাস গড়ে তুলি।’ আরও পড়ুন: গাজীপুরে ৫ খুন: চিকিৎসকের লোমহর্ষক বর্ণনায় ময়নাতদন্তের প্রতিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরে সতর্ক করেন যে, এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। সংকট মোকাবিলায় বেশি করে গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর জোর দেন তারা। পরিবেশ অধিদফতরের উপপরিচালক আরেফিন বাদলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
Go to News Site