Collector
মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক | Collector
মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক
Jagonews24

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে ক্রেতা সেজে একটি গয়নার দোকানে ঢুকে কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার পৌর সদরের বিবির হাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম সালমা আক্তার। তিনি ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা ওই নারী ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার হার, চুড়ি ও কানের দুল দেখতে চান। দোকান কর্মচারীরা শোকেস খুলে গয়না দেখানোর একপর্যায়ে তিনি হঠাৎ বোরকার পকেট থেকে মরিচের গুঁড়া বের করে কর্মচারীদের চোখে মুখে ছিটিয়ে দেন। পরে দেখার জন্য বের করা গয়নাগুলো নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে মরিচের গুঁড়ায় চোখ ঝাপসা হয়ে গেলেও কর্মচারীরা তাকে দোকান থেকে বের হতে দেননি। এক কর্মচারী কৌশলে তার দুই হাত চেপে ধরেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। দোকানটির মালিক সুমন ধর বলেন, প্রায় সাড়ে তিন ভরি সোনার গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ওই নারী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, ওই নারীর বিরুদ্ধে আগের দিনও উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার আবার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি ধরা পড়েন। ওসি আরও বলেন, আটক নারীকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। এমআরএএইচ/এমআরএম

Go to News Site