Somoy TV
জামালপুরে মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় সাড়ে চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচজন নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন নামে একজন নদীর মাঝখানে ডুবে নিখোঁজ হন।খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা অনুসন্ধানের পর বিকেলে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। মৃত আল আমিন জামালপুর সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আরও পড়ুন: জামালপুরে লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুরজামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আনুমানিক দুপুর ১২টার দিকে উদ্ধার কাজ শুরু করি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।’জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছি। এর বাইরে কেউ যদি নদে ঝাঁপ দেয়ার বিষয়টি আমাদের জানা নেই।’জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
Go to News Site