Jagonews24
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি এলাকার একটি বাসায় সোনিয়া আক্তার (২৭) নামের এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বুধবার ভোর সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী মনির হোসেন বলেন, আমি ব্যাটারিচালিত অটোরিকশা চালাই। আমার স্ত্রী নিজরুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আমি নিজেও ভালো বলতে পারবো না। তিনি জানান, সোনিয়া আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মেরুল গ্রামের সোহরাব মিয়ার মেয়ে। বর্তমানে জুরাইন বাগানবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। বেশ কয়েক বছর আগে তাদের বিয়ে হয়। তবে তাদের কোনো সন্তান নেই। আমার স্ত্রী প্রায় সময় অসুস্থ থাকতেন, তাকে অনেক ডাক্তার ও কবিরাজ দেখিয়েছি। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/এমকেআর
Go to News Site