Collector
গোলকিপারের ভুলে শিরোপা-উৎসবের অপেক্ষা বাড়লো রোনালদোদের | Collector
গোলকিপারের ভুলে শিরোপা-উৎসবের অপেক্ষা বাড়লো রোনালদোদের
Somoy TV

গোলকিপারের ভুলে শিরোপা-উৎসবের অপেক্ষা বাড়লো রোনালদোদের

এইতো, মাত্র কয়েক সেকেন্ডেরই তো ব্যাপার; তারপরই তো শুরু হবে শিরোপা জয়ের উৎসব। আল নাসর শিবিরও তখন শিরোপা-উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু এ কি! এই কয়েক সেকেন্ডের মধ্যেই যে পাল্টে গেলো দৃশ্যপট! মারাত্মক এক ভুল করে বসলেন আল নাসরের ব্রাজিলিয়ান গোলকিপার বেন্তো। নিশ্চিত জিততে থাকা ম্যাচটা মুহূর্তের মধ্যে আত্মঘাতী গোলে ১-১ ড্রয়ে শেষ হলো। আর তাতেই রোনালদোদের শিরোপা জয়ের উৎসবের অপেক্ষাটাও বাড়লো।যোগ করা সময়ের ৯ মিনিটের শেষ কয়েক সেকেন্ডের খেলা চলছিল তখন, ঠিক সেই সময়ই আল নাসরের অর্ধে একটি থ্রো–ইন আদায় করে নেয় আল হিলাল। অন্যদিকে আল নাসর শিবির তখন প্রায় নিশ্চিত শিরোপা উদযাপনের প্রস্তুতিতেই ব্যস্ত।  ঠিক এমন এক নাটকীয় মুহূর্তেই আল হিলালের তারকা সের্গেই মিলাঙ্কোভিচ–সাভিচ লম্বা থ্রো–ইন নেন। তবে পরিস্থিতি পুরো বদলে যায় আল নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোর এক ভুলে। বলটি সহজেই ধরে ফেলার সুযোগ থাকলেও সতীর্থ ইনিগো মার্তিনেজের সঙ্গে সংঘর্ষে তার হাত ফসকে যায়, আর সেটাই গড়িয়ে জালে ঢুকে পড়ে। নিশ্চিত জয়ের পথে থাকা আল নাসর শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ১–১ সমতায় ম্যাচ শেষ করে। এর আগে ৩৭তম মিনিটে মোহাম্মদ সিমাকানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর।  আরও পড়ুন: বিশ্বকাপের খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারে বাংলাদেশের মানুষ এই ড্রয়ের ফলে আপাতত পিছিয়ে গেল আল নাসরের সম্ভাব্য শিরোপা উদযাপন। শেষ মুহূর্তে এমনভাবে জয় হাতছাড়া হওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না আল নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৩ মিনিটে মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে তার চোখেমুখে স্পষ্ট ছিল হতাশা, বিষণ্নতা আর অবিশ্বাসের ছাপ। ম্যাচ শেষে টানেল দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময়ও নিজের হতাশা আড়াল করতে পারেননি এই পর্তুগিজ ফুটবলার।    সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা জয় এভাবে ঝুলে যাওয়ার বিষয়টি যেন মানতেই পারছিলেন না রোনালদো। অন্য দিকে এই ড্রয়ে এখনো আল হিলালের শিরোপা জেতার আশা বেঁচে থাকল।  ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ বেশি খেললেও দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তাদের ব্যবধান এখন ৫ পয়েন্ট। আগামী ২০ মে দামাকের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে আল নাসরের। তবে তার আগে ১৬ মে নিওমের বিপক্ষে আল হিলাল পয়েন্ট হারালে কোনো ম্যাচ না খেলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে আল নাসর।  আরও পড়ন: আড়ালে কলকাঠি না নেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন–রিয়াল প্রেসিডেন্টের চ্যালেঞ্জ এদিকে আল নাসরের সামনে রয়েছে আরও একটি ট্রফি জয়ের হাতছানি। ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালে তাদের প্রতিপক্ষ জাপানের গাম্বা ওসাকা। ফলে সমীকরণটা এমন— আল হিলাল যদি নিওমের কাছে হোঁচট খায় এবং একই দিনে আল নাসর যদি গাম্বা ওসাকাকে হারাতে পারে, তাহলে এক দিনেই দুই শিরোপা উৎসব করার সুযোগ আছে রোনালদোদের।  শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় হাতছাড়া হওয়ায় হতাশা স্পষ্ট ছিল রোনালদোর চোখেমুখে। তবে ম্যাচ শেষে সতীর্থ ও সমর্থকদের ভেঙে না পড়ে আত্মবিশ্বাস ধরে রাখার বার্তাই দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘স্বপ্ন এখন খুব কাছাকাছি। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আছে আর মাত্র একটি ধাপ। আজ রাতের অসাধারণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

Go to News Site