Collector
গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিঠি | Collector
গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিঠি
Somoy TV

গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিঠি

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম গত কয়েকদিন আগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ দুর্নীতির লিখিত আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দিয়েছে।অনুসন্ধানে জানা যায়, ১৯৯৯ সালে গাজীপুর পৌরসভায় সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগ দেন গোলাম কিবরিয়া। ২০১৩ সালে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর তিনি ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বদলি, বরখাস্ত ও চাকরিচ্যুত করার মাধ্যমে একক আধিপত্য বিস্তার করেন। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।আরও পড়ুন: গাজীপুরে ৫ খুন: চিকিৎসকের লোমহর্ষক বর্ণনায় ময়নাতদন্তের প্রতিবেদনএ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল হাসান বলেন, ‘আমরা গতকালই চিঠিটি হাতে পেয়েছি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু এখন প্রশাসক রয়েছেন, তাই বোর্ড ও প্রশাসনের সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. গোলাম কিবরিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না। সিইও, সচিব বা প্রশাসক মহোদয় যা বলার বলবেন।’

Go to News Site