Somoy TV
টাঙ্গাইলে এক মাস বয়সি এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্কের (র্যাবিক্স) দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে।টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশুটির নাম ফাতিহা। শিশুটির পরিবার জানায়, মেয়েকে নিয়মিত টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মা মৌ। সেখানে টিকা দেয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। তার বদলে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) থাকা আরেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। কাইয়ুম স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শিশুটিকে ভুলবশত কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র্যাবিক্স ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োগ করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে তাদের সঙ্গে কাইয়ুম খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভুল টিকা প্রয়োগের পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের গাফিলতিকে দায়ি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী শিশুর পরিবার। আরও পড়ুন: টাঙ্গাইলের চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম নিজের ভুলের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ভুলবশত এমনটি হয়েছে।’ এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও নিজের দায় স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না। এরপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।’
Go to News Site