Somoy TV
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি বুধবার (১৩ মে) জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেত্রিভেলকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদ থেকে অপসারণ করেছেন।সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হওয়ার কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী বিজয় এই আদেশ জারি করেন। মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে রাধন পণ্ডিতের নিয়োগ ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। প্রতিবেদন অনুসারে, এই জ্যোতিষী একসময় সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার অন্যতম বিশিষ্ট উপদেষ্টা ছিলেন। যদিও তার অন্যতম বড় একটি ভবিষ্যদ্বাণী সত্যি না হওয়ায় তাদের সম্পর্কের অবসান ঘটে বলে জানা যায়। আরও পড়ুন: ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় জ্যোতিষীকে সরকারি পদে বসালেন বিজয়! অভিযোগ আছে, রাধন জয়ললিতাকে আশ্বাস দিয়েছিলেন যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় তাকে কারাদণ্ডের মুখোমুখি হতে হবে না। কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বরে আদালতের রায়ে তার কারাদণ্ড হওয়ার পর, তাদের সম্পর্ক ভেঙে যায় বলে জানা গেছে। এর আগে একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিল, ২০০৮ সালে দিল্লি থেকে ফেরার পর এক মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচয় হওয়ার পর রাধন পণ্ডিত বিজয়ের রাজনৈতিক বলয়ে প্রবেশ করেন। এরপর বিজয় থালাপতির ক্রমবিকাশমান রাজনৈতিক কাঠামোতে তার ভূমিকা শিগগিরই লক্ষণীয় হয়ে ওঠে। শোনা যায়, তিনি বিজয়কে ‘ভি’ (V) অক্ষর দিয়ে শুরু হওয়া একটি নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। এই তথ্যটি এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছিল। নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের এক অভাবনীয় উত্থানের পূর্বাভাস দিয়েছিলেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Go to News Site