Somoy TV
সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় ৪৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও চারটি ফিশিং বোট জব্দ করা হয়।সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। কোস্ট গার্ড জানায়, সন্দেহজনক চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ ও ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দ করা এসব মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা। পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন। আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়। আরও পড়ুন: সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
Go to News Site