Jagonews24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে করা আবেদনের ওপর বৃহস্পতিবার (১৪ মে) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (১৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারণ করেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়। ওই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আদালত আদেশ দেয়, ওই আসনে ভোটের ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারোয়ার আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে সারোয়ার আলমগীর আবেদন করেন। জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, আজ আংশিক শুনানি হয়েছে। আগামীকাল আবেদনের ওপর আদেশ দেওয়া হবে। আবেদনে সারোয়ার আলমগীর ফলাফল প্রকাশ ও শপথের সুযোগ চেয়েছেন। আমরা শুনানিতে বলেছি, মূল আপিলের শুনানি না হয়ে এ ধরণের আবেদন গ্রহণ করা হলে মূল আপিলের প্রয়োজনীয়তা থাকবে না। এফএইচ/এমএএইচ/
Go to News Site