Somoy TV
উত্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিন দিন প্রকট আকার ধারণ করছে আবাসন সংকট। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তুলনায় আবাসন সুবিধা ৮ শতাংশেরও নিচে নেমে এসেছে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত খরচে মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে একদিকে যেমন তাদের আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাজীবন।রংপুর নগরীর চকবাজার এলাকার একটি মেসে থাকেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান ও রাকিব। তাদের একজন মাস্টার্স এবং অন্যজন অনার্সের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের হলে সিট না পাওয়ায় শুরু থেকেই তাদের মেসে থাকতে হচ্ছে। প্রতি মাসে এই বাড়তি খরচ বহন করতে গিয়ে তাদের পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, হলের তুলনায় মেসে খরচ কয়েক গুণ বেশি। পাশাপাশি নিরাপত্তা, পড়াশোনার পরিবেশ ও দৈনন্দিন নানা সমস্যাও মোকাবিলা করতে হয় তাদের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার ৫০০ শিক্ষার্থীর বিপরীতে আবাসন সুবিধা রয়েছে মাত্র ৭৮৫ জনের। একই অবস্থা রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজেও। সেখানে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ হাজার ২৩২ জনের। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা রয়েছে ৩ হাজার জনের। অন্যদিকে নবগঠিত কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনো নিজস্ব ক্যাম্পাস না থাকায় ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ অবস্থায় দ্রুত আবাসন সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন শিক্ষার্থীরা। আরও পড়ুন: ঋণ করে ফলানো আলুই এখন কৃষকের ‘গলার কাঁটা’ আবাসন সংকটের বিষয়ে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল হোসেন মণ্ডল জানান, শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে কাঙ্ক্ষিত বরাদ্দ না পাওয়ায় আবাসন সংকট তীব্র হচ্ছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এনামুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে এ সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।’ উচ্চশিক্ষার মান ধরে রাখতে আবাসন সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি বলে মনে করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুক। তার মতে, আবাসন সুবিধা নিশ্চিত না হলে শিক্ষার্থীদের মানসিক চাপ ও আর্থিক সংকট আরও বাড়বে, যা শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
Go to News Site