Somoy TV
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নির্মাণের কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ একটি সড়ক ধসে পড়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া দুই প্রকৌশলীকে পুনরায় কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই পুনর্বহাল করা হয়েছে।সোমবার (১১ মে) গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই দুই কর্মকর্তাকে পুনর্বহাল করা হয়। পুনর্বহাল হওয়া দুই কর্মকর্তা হলেন: গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম হারুনুর রশীদ এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) এস এম শামছুর রহমান মাহমুদ। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের তীরে নির্মাণাধীন সড়কটি উদ্বোধনের আগেই গত ১৫ ফেব্রুয়ারি ধসে পড়ে। এতে সড়কের একটি অংশ প্রায় ১৫ ফুট নিচে দেবে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত ২৩ মার্চ ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিনি প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশীদ ও নির্বাহী প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। আরও পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগে সালিশে ডেকে মারধর, বিএনপি নেতার মৃত্যু একই সঙ্গে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্তসংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। এছাড়া সাত সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। পরে তদন্ত শেষে সেই রিপোর্ট জমা দেয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, ‘তদন্ত কাজ চলমান থাকায় মন্ত্রীর নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তদন্ত শেষে তাদের নির্দোষ থাকার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ীই তাদের পুনরায় কর্মস্থলে যোগদানের অফিস আদেশ দেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেই সড়কটির নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে, সেই সময় শামছুর রহমান অন্য দায়িত্ব পালন করছিলেন। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পরে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছিল।’ অপর অভিযুক্ত ব্যক্তি হারুনুর রশীদ জানিয়েছেন, প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পরে ঠিকাদার ভেঙে যাওয়া অংশের নির্মাণকাজ করেছেন। বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষ অবগত ছিল না। এসব যুক্তি তুলে ধরে হারুনুর রশীদ নিজেকে নির্দোষ দাবি করলে মন্ত্রণালয় সেটি গ্রহণ করে।
Go to News Site