Collector
গরুর হাটে মলম পার্টি হাতিয়ে নিলো আড়াই লাখ টাকা | Collector
গরুর হাটে মলম পার্টি হাতিয়ে নিলো আড়াই লাখ টাকা
Somoy TV

গরুর হাটে মলম পার্টি হাতিয়ে নিলো আড়াই লাখ টাকা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির খপ্পরে পড়েছেন দুই পশু বিক্রেতা। তাদের চোখে মলম লাগিয়ে ও অজ্ঞান করে মোট ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে।বুধবার (১৩ মে) সকালে উপজেলার মারিশ্যা পশুর হাটে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ছলিমুল্লাহ একটি গরু বিক্রি করে ৬১ হাজার টাকা নিয়ে বাজারে অবস্থান করছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি কথা বলার ছলে তার চোখে মলম জাতীয় কিছু লাগিয়ে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তার কাছে থাকা টাকা নিয়ে সটকে পড়ে চক্রটি। পরে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা আরও জানান, শুধু ছলিমুল্লাহই নন, ওই একই হাটে অপর এক পশু বিক্রেতার কাছ থেকেও একইভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চক্রটি। তবে ওই পশু বিক্রেতার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরও পড়ুন: গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, ‘এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি। শুনেছি এক পশু বিক্রেতা হাসপাতালে ভর্তি আছেন। খবর নিয়ে জেনেছি তিনি বর্তমানে সুস্থ আছেন। পাশাপাশি আমাদের মোবাইল টিম পশুর হাটে অবস্থান নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’ একইসঙ্গে হাটে নগদ টাকা বহনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

Go to News Site