Collector
উন্নতি করছেন নেইমার, খুশি কোচ আনচেলত্তি, সিদ্ধান্ত কবে? | Collector
উন্নতি করছেন নেইমার, খুশি কোচ আনচেলত্তি, সিদ্ধান্ত কবে?
Jagonews24

উন্নতি করছেন নেইমার, খুশি কোচ আনচেলত্তি, সিদ্ধান্ত কবে?

খোদ লিওনেল মেসি বলেছেন, ফর্ম যেমনই থাকুক বিশ্বকাপে নেইমারকে চান তিনি। শুধু মেসিই নন, প্রায় প্রতিটি ব্রাজিলিয়ানের চাওয়া, নেইমার যেন বিশ্বকাপ খেলে। কিন্তু সম্পূর্ণ ফিট না হলে যে নেইমারকে দলে জায়গা দিতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। তবে সর্বশেষ লিগ ম্যাচগুলোতে দারুণ পারফরম্যান্স করার কারণে কোচ আনচেলত্তির মন কিছুটা নরম হয়েছে। যে কারণে ৫৫ জনের যে প্রাথমিক তালিকা করেছেন তিনি, সেখানে রেখেছেন নেইমারকে। শুধু তাই নয়, নেইমারের উন্নতিতে অনেক খুশি ব্রাজিল কোচ। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছেন এবং নিয়মিত খেলছেন। তবে এরপরও এখনই নিশ্চিত করে বলতে চাননি, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দলে ব্রাজিলের এই সুপারস্টার জায়গা পাবেন কিনা। চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামা হয়নি নেইমারের। তারপরও চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন বেঁচে আছে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। আনচেলত্তির ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আগামী ১৮ মে ঘোষণা করা হবে ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে সবাই অনেক ভালোবাসে। শুধু সমর্থকরাই নয়, খেলোয়াড়রাও তাকে খুব পছন্দ করে। আপনি যদি নেইমারকে দলে ডাকেন, ড্রেসিংরুমে কোনো সমস্যা হবে না। কারণ সে সবার কাছেই প্রিয়।’ সম্প্রতি লিওনেল মেসিও নেইমারকে নিয়ে প্রশংসা করেছেন। বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলা সাবেক সতীর্থকে এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দেখতে চান আর্জেন্টাইন মহাতারকা। ব্রাজিলের হয়ে ৭৯ গোল করা নেইমার দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে দীর্ঘ ইনজুরির কারণে তার ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। আনচেলত্তি বলেন, ‘সবাই তাদের মতামত দিতেই পারে, এটা স্বাভাবিক। যারা আমাকে পরামর্শ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু দল নির্বাচন করতে গেলে অনেক কিছু বিবেচনা করতে হয়।’ তিনি আরও যোগ করেন, ‘নেইমার এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কারণ সে সবসময়ই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। সে একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে গেছে, এখন সেখান থেকে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছে। সাম্প্রতিক সময়ে সে অনেক উন্নতি করেছে এবং নিয়মিত খেলছে।’ তবে নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ। তার ভাষায়, ‘আমার জন্য এটা সহজ সিদ্ধান্ত নয়। আমাকে ভালো-মন্দ সব দিকই বিবেচনা করতে হবে। তবে এতে আমার ওপর কোনো চাপ নেই। কারণ গত এক বছর ধরে আমরা শুধু নেইমার নয়, সব খেলোয়াড়কেই পর্যবেক্ষণ করছি।’ ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হন ৬৬ বছর বয়সী আনচেলত্তি। তার লক্ষ্য, ২০০২ সালের পর প্রথমবারের মতো ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এবং দেশটিকে ষষ্ঠ শিরোপা এনে দেওয়া। দল নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী আনচেলত্তি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। কারণ পুরো বছরজুড়ে ব্রাজিলের সব খেলোয়াড় সম্পর্কে যে তথ্য আমার কাছে আছে, তা অন্য কারও কাছে নেই।’ তিনি আরও বলেন, ‘নিখুঁত দল তৈরি করা অসম্ভব। তবে আমি এমন একটি দল গড়তে পারব, যেখানে ভুলের পরিমাণ অন্যদের তুলনায় কম হবে। এটা আমি নিশ্চিত।’ প্রসঙ্গতঃ ১৮ মে ৫৫ জন থেকে চূড়ান্ত দল বাছাই করবেন কোচ আনচেলত্তি। এখন দেখার বিষয়, তার এই চূড়ান্ত দলে নেইমারের ঠাঁই হয় কি না! আইএইচএস/

Go to News Site