Collector
সত্যিই কি রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন মরিনহো | Collector
সত্যিই কি রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন মরিনহো
Somoy TV

সত্যিই কি রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন মরিনহো

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জোসে মরিনহোর প্রত্যাবর্তনের গুঞ্জন এখন আরও জোরালো। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাম্প্রতিক সংবাদ সম্মেলন এবং নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘিরে স্প্যানিশ সংবাদমাধ্যমে তৈরি হয়েছে নতুন আলোচনা।মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মরিনহো প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি পেরেজ। তবে নির্বাচনের সময়সূচি বিশ্লেষণ করলে অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণা করা হবে এবং কোনো প্রতিদ্বন্দ্বী না এলে আগামী ২৪ মে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হবেন পেরেজ। আর সেটি হবে রিয়াল মাদ্রিদের মৌসুমের শেষ ম্যাচের ঠিক একদিন পর। ফলে ওই সময়ই মরিনহোকে নতুন কোচ হিসেবে ঘোষণা দেয়ার পথ তৈরি হতে পারে। বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা মরিনহোর চুক্তিতে বিশেষ একটি ধারা রয়েছে। সেই শর্ত অনুযায়ী, মৌসুম শেষে ক্লাবের শেষ ম্যাচের ১০ দিনের মধ্যে ৩০ লাখ ইউরো পরিশোধ করে তাকে দলে ভেড়ানো সম্ভব। বেনফিকার শেষ ম্যাচ ১৬ মে এস্তোরিলের বিপক্ষে। ফলে মরিনহোর রিলিজ ক্লজ কার্যকর থাকবে ২৬ মে পর্যন্ত, যা পেরেজের সম্ভাব্য পুনর্নির্বাচনের সময়ের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। আরও পড়ুন: রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচনে পেরেজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, কে এই রিকেলমে? ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত বর্তমান বোর্ডই কার্যক্রম পরিচালনা করবে। তাত্ত্বিকভাবে এখনই কোচ নিয়োগ সম্ভব হলেও, নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে নতুন কোচ ঘোষণা করাটা শোভনীয় দেখাবে না বলেই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। কারণ শেষ মুহূর্তে কেউ প্রার্থী হলে এবং নির্বাচনে জিতে গেলে তার ওপর আগেই নিয়োগ পাওয়া কোচকে নিয়ে কাজ করার চাপ তৈরি হতে পারে। অন্যদিকে মরিনহোও প্রকাশ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি। সম্প্রতি বেনফিকার ড্রয়ের পর তিনি বলেন, ‘আগামী সোমবারের আগে আমি আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলব না। এরপর কোচ হিসেবে আমার ভবিষ্যৎ ও বেনফিকার পরিকল্পনা নিয়ে কথা বলতে পারব। আর মাত্র এক সপ্তাহ অপেক্ষা করুন।’ জানা গেছে, বেনফিকা ইতোমধ্যে মরিনহোর কাছে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে, তবে তিনি সেটি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় নিজের পরিকল্পনাও তুলে ধরেছেন এই পর্তুগিজ কোচ। দলবদলের কৌশলে মতামত দেয়ার সুযোগ এবং ক্লাবের ক্রীড়া কাঠামোয় অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার নিশ্চয়তা; এই দুই বিষয়কে গুরুত্ব দিয়েছেন তিনি। আরও পড়ুন: ৭৮ বছর বয়সে আবার কুরাসাওয়ের দায়িত্বে ডাচ কোচ বিশেষ করে ভিনিসিউস জুনিয়র ও শাবি আলোনসোকে ঘিরে সাম্প্রতিক অভ্যন্তরীণ পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়েও পরিষ্কার অবস্থান জানিয়েছেন মরিনহো। সব মিলিয়ে, নতুন এক প্রকল্পের নেতৃত্ব দিতে আবারও মরিনহোর দিকেই ঝুঁকছে রিয়াল মাদ্রিদ।

Go to News Site