Collector
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ৫ | Collector
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ৫
Somoy TV

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ৫

ভারতে চলতি বছরের মেডিকেল ভর্তি সংক্রান্ত নিট (এনইইটি-ইউজি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আজ বুধবার (১৩ মে) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাসিকের শুভম খৈরনার, জয়পুরের মঙ্গলাল বিওয়াল, বিকাশ বিওয়াল ও দিনেশ বিওয়াল এবং গুরুগ্রামের যশ যাদব। এছাড়া আরও কয়েকজন সন্দেহভাজনের ব্যাপারে তদন্ত চলছে বলে জানায় সংস্থাটি। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (আন্ডারগ্র্যাজুয়েট) বা নিট (এনইইটি-ইউজি) পরীক্ষা হলো স্নাতক স্তরের মেডিকেল ভর্তি পরীক্ষা। এটি পূর্বে অল ইন্ডিয়া প্রি-মেডিকেল টেস্ট নামে পরিচিত ছিল। গত ৩ মে দেশজুড়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার পর ব্যাপক আকারে প্রশ্নফাঁস ও কারচুপির অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রেক্ষিতে পরীক্ষা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষা বাতিল করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর পক্ষ থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাঠানো হয়। পরে সেসব তথ্য যাচাই-বাছাই শেষে সংস্থাটি জানায়, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখা সম্ভব নয়। আরও পড়ুন: স্বর্ণের চেইন না পেয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে হত্যার অভিযোগ গত মঙ্গলবার (১২ মে) ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উচ্চশিক্ষা বিভাগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলায় ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ ভারতীয় নয়া সংহতা (বিএনএস), দুর্নীতি প্রতিরোধ আইন এবং পাবলিক পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত আইনসহ একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। সিবিআই জানায়, দেশজুড়ে একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে এবং সেখান থেকে মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য আপত্তিকর সামগ্রী জব্দ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে রাজস্থানের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সাথেও সমন্বয় করা হচ্ছে। সংস্থাটি আরও জানায়, তারা প্রযুক্তিগত ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে সব দিক থেকে তদন্ত চালাচ্ছে এবং পুরো বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখছে।

Go to News Site