Jagonews24
যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়। নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের ডাকে এ হরতাল কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, হরতাল চলাকালে নওয়াপাড়া বাজারের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং নদীবন্দরে থাকা তিন শতাধিক কার্গো জাহাজ থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকে। আন্দোলনকারীরা যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং বাঁশ ও ইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিন দুপুরে হরতালের সমর্থনে নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের আয়োজন করে নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি। সমাবেশে সমিতির সভাপতি আব্দুল গণি সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা ও নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা গোলাম মাওলা, সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান মশি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, পৌর জামায়াতের আমির আলতাফ হোসেন প্রমুখ। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করতে হবে এবং ব্যবসায়ীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী রোববার (১৬ মে) থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন তারা। এর আগে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় বাসা ভাড়া কেন্দ্রিক দ্বন্দ্বে ব্যবসায়ী আনিছুর রহমানকে গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মাদরাসাসংলগ্ন তার বহুতলা মার্কেট ‘আকিজ ট্রেড ভ্যালী’র সামনে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের তুলসীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি ব্যবসায়িক কারণে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ও নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ছিলেন তিনি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার ঘটনায় মনির হোসেন নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ মিলন রহমান/কেএইচকে/জেআইএম
Go to News Site