Jagonews24
চট্টগ্রাম নগরের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, প্রচলিত ধারণার বাইরে গিয়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বুধবার (১৩ মে) নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। সড়কের নির্মাণকাজে রড উৎপাদনের সময় উৎপন্ন ‘স্ল্যাগ’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে এ সেমিনারটি হয়। আয়োজন করে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। সেমিনারে জানানো হয়, স্ল্যাগ হলো ধাতু গলানো বা নিষ্কাশনের সময় উৎপন্ন এক ধরনের অবশিষ্ট পদার্থ, যা ধাতব অক্সাইড ও সিলিকন ডাই-অক্সাইডের মিশ্রণে তৈরি হয়। এটি পরিবেশবান্ধব এবং সড়ক ও অবকাঠামো নির্মাণে বিকল্প উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য। মেয়র বলেন, শহরের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে শুধু গতানুগতিক পদ্ধতিতে আটকে থাকলে চলবে না। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারণা ও কৌশল ব্যবহার করতে হবে। এতে খরচ কমবে, পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নও সম্ভব হবে। সেমিনারে বিএসআরএমের প্রতিনিধিরা স্ল্যাগ ব্যবহারের সুবিধা, স্থায়িত্ব ও পরিবেশগত প্রভাব নিয়ে উপস্থাপনা দেন। অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমআরএএইচ/একিউএফ
Go to News Site