Collector
সরকারের তিন মাসের সফলতা তুলে ধরলেন গাজীপুরের ডিসি | Collector
সরকারের তিন মাসের সফলতা তুলে ধরলেন গাজীপুরের ডিসি
Jagonews24

সরকারের তিন মাসের সফলতা তুলে ধরলেন গাজীপুরের ডিসি

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গত তিন মাসে জেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও তার সুফল তুলে ধরেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার (১৩ মে) জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, জেলায় ইতোমধ্যে ৫টি খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতে জেলায় ৯টি উঠান বৈঠক, ফ্যামিলি সমাবেশ, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীসহ মোট ২১টি প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে আগামী ১৯ থেকে ২১ মে ‘ভূমি সেবা’ মেলার আয়োজন করা হবে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে সকল প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু এবং দুই উপজেলার ৬৩টি বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম চালুর বিষয়ও আলোচনায় উঠে আসে। সভায় আরও জানানো হয়, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রথম ধাপে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়ার নজির। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন প্রমুখ। মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

Go to News Site