Somoy TV
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ও ভূবনকুড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।বুধবার সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া এলাকায় মেনংছড়া নদীর বাঁধ এবং গাজীরভিটা ইউনিয়নের মধ্য বোয়ালমারা এলাকায় বুড়াঘাট নদীর বাঁধ ভেঙে গেলে দ্রুত আশপাশের এলাকায় পানি ঢুকে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা এ অঞ্চলে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। একপর্যায়ে অতিরিক্ত পানির চাপে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়।প্লাবিত গ্রামের মধ্যে রয়েছে মাজরাকুড়া, কুমারগাতী, আচকীপাড়া, তেলীখালী, কড়ইতলী, মহিষলেটি, গোবরাকুড়া, কালিয়ানিকান্দা, মনিকুড়া, রাংরাপাড়া, বুড়াঘাট, বোয়ালমারা, ডুমনীকুড়া, কাতলমারী, সূর্যপুর, সুমনিয়াপাড়া, মহাজনীকান্দাসহ অন্তত ২০টি গ্রাম। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, পাকা বোরো ধান, সবজিক্ষেত ও মাছের ঘের। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।আরও পড়ুন: ময়মনসিংহ সিটিতে নেই পর্যাপ্ত মাঠ, স্ক্রিনে আসক্ত হচ্ছে শিশুরাসরেজমিনে দেখা গেছে, অনেক এলাকার বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি জমে আছে। নিচু এলাকার মানুষ প্রয়োজনীয় মালামাল নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। মাঠজুড়ে পানির নিচে ডুবে আছে কাটা না হওয়া বোরো ধান।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ৮৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত ৭০ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।ইউএনও ফয়সাল আহমেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
Go to News Site