Collector
পটুয়াখালীতে হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩ | Collector
পটুয়াখালীতে হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩
Somoy TV

পটুয়াখালীতে হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩

পটুয়াখালীতে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ও যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।মঙ্গলবার (১২ মে) রাত থেকে বুধবার (১৩ মে) রাত পর্যন্ত পটুয়াখালী শহরের বনানী, সবুজবাগ ও কলেজ রোড এলাকা এবং বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে মো. কবির হোসেন এবং পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার নুরুল হক তালুকদারের ছেলে ও যুবলীগ নেতা মোহাম্মদ রাসেল তালুকদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ঔষধ ব্যবসায়ী ও এক চাকরিজীবীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা আদায় করে। ভুক্তভোগী মো. শহীদুলকে ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণের পর ভয়ভীতি দেখিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। আরও পড়ুন: পটুয়াখালীতে ছাত্রশিবির নেতার পদত্যাগ স্থানীয়দের মাধ্যমে একটি সালিশি বৈঠকে বিষয়টি সামনে এলে সেখানে অভিযুক্তদের স্বীকারোক্তি পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন। আরও পড়ুন: পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Go to News Site