Jagonews24
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে। বুধবার (১৩ মে) কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের (জেলা ও দায়রা জজ) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইনজীবী হিসেবে সনদ পেতে একজন পরীক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক ডিগ্রি অর্জনের পর আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে পরীক্ষার্থীকে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস পার হলে প্রয়োজনীয় কার্যক্রম শেষে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু হয়। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল। এফএইচ/বিএ
Go to News Site