Somoy TV
ওমানে গাড়ির এসির গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় একই পরিবারের চার আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা। পাশাপাশি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তারা।চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়া এলাকার চার ভাই মো. রাশেদ, শাহেদ, সিরাজ ও শহিদ দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে এক ভাইয়ের বিয়ের বাজার করতে ওমানের রাজধানী মাস্কাট থেকে ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা শহরে যান তারা। বাজার শেষ করে গাড়িতে করে ফেরার পথে এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এই চার ভাইয়ের মৃত্যু হয়। এ দুর্ঘটনার খবর দেশে পৌঁছালে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। আরও পড়ুন: প্রবাসী বাবার নিথর দেহ প্রথম ও শেষবারের মতো দেখল শিশু রাফি নিহতদের স্বজন এয়াকুব বলেন, ‘চার ভাইয়ের একসঙ্গে মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। এটি কি নিছক কোনো দুর্ঘটনা, নাকি খাবারে বিষক্রিয়া বা এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা উদ্ঘাটনের জন্য বাংলাদেশ ও ওমান সরকারের কাছে দাবি জানাচ্ছি।’ জানা গেছে, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। দেশে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সারার জন্য আগামী শুক্রবার (১৫ মে) তাদের দেশে ফেরার কথা ছিল।
Go to News Site