Somoy TV
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, অধিদফতর ও দফতর সংশ্লিষ্ট ৫০টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) মো. শরীফুল ইসলাম ও ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (এএন্ডআর) মিয়াজী মো. সাইফুল্লাহ সোবহানসহ বিভিন্ন সিএএফও কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে চলমান কার্যক্রমের মধ্যে পেনশনারসহ সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত বেতনভাতা, পেনশন সেবা সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা, লাইফ ভেরিফিকেশন ও এ সম্পর্কিত অ্যাপস সম্পর্কে অবহিতকরণ, সাধারণ ভবিষ্য তহবিল ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, হেল্পডেক্স এবং বিভিন্ন অটোমেশনের কার্যক্রম সিএজি মো. নূরুল ইসলাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পারিবারিক পেনশন ও পুনঃস্থাপিত পেনশনের বিষয়টি ছাড়াও প্রতিবন্ধী সন্তান ও তার প্রাপ্যতার বিষয়টি গুরুত্ব সহকারে দ্রততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় সম্পর্কে তিনি বিভিন্ন সিএএফওদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। আরও পড়ুন: প্রশিক্ষণ-সেমিনারে কর্মকর্তাদের অংশগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে সিএজি বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ পেনশনারসহ সব সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্টদের আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়সমূহের কর্মকর্তারা সেবা সপ্তাহ উপলক্ষে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে সিএজিকে জানান। এ সময় পেনশনারসহ সেবাগ্রহীতারা তাৎক্ষণিক ও আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।
Go to News Site