Somoy TV
রাজধানীর বনানী এলাকায় দুটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগজিনসহ মো. জাহিদুল ইসলাম নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবত তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছিল। বুধবার (১৩ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে বনানীর ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে একটি বাসার ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৭০ হাজার টাকা পাওয়া যায়। তার কাছে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।’ নজরুল ইসলাম আরও বলেন, ‘গত ৭ জানুয়ারি কারওয়ান বাজারের ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গেও প্রাথমিকভাবে জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের স্বার্থে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র ও মাদক মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।’ আরও পড়ুন: কার নির্দেশে মুসাব্বির হত্যাকাণ্ড, জানালো ডিবি এদিকে, চলতি মাসে রাজধানীতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৭৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজদের সহযোগী গ্রেফতার হয়েছে ৩৪৫ জন। ৪৭০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য, ৪৮৩ মাদককারবারিসহ মোট ১ হাজার ৪৭৬জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ।
Go to News Site