Somoy TV
ঈদুল আজহা ঘিরে সাতক্ষীরায় পশু হাটগুলোতে চাঁদাবাজির চেষ্টা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবু সালেহ মো. আশরাফুল আলম। সভার শুরুতে আসন্ন ঈদুল আজহার পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদুল আজহা ও পশুর হাটকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদ ও পশুর হাট সামনে রেখে জাল টাকার প্রবণতা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে ব্যাংকগুলোকে পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে বিশেষ মেশিনের ব্যবস্থা রাখার অনুরোধ করেন। আরও পড়ুন: ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে মাস্ক, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হাটে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র (কার্ড) দেয়ার নির্দেশনা দেন তিনি। এ ছাড়াও সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড করা যাবে না বলে কঠোরভাবে নির্দেশ দেন।তিনি আরও বলেন, পশু হাটগুলোতে কোনো ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং এর সঙ্গে কেউ জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবার সহযোগিতা প্রয়োজন। আরও পড়ুন: পশুর হাটে জাল নোট শনাক্তে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব, সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলাম, ডিআইও–১,সহ সব থানার অফিসার ইনচার্জ ও পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তারা।
Go to News Site