Somoy TV
বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। লা লিগা শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা হাতে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।ঘটনাটি ঘটে বার্সেলোনার শিরোপা উদযাপন প্যারেডে। বাস ট্যুর চলাকালে এক সমর্থকের কাছ থেকে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা চান এবং তা হাতে নিয়ে উড়িয়ে দেন। পরে তিনি সেই মুহূর্তের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ১৮ বছর বয়সী এই তারকার ৪২ মিলিয়নেরও বেশি অনুসারী থাকায় ঘটনাটি আরও বড় প্রভাব ফেলে। এরপরই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ইয়ামালের এই আচরণকে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেন। স্প্যানিশ ভাষায় প্রকাশিত ওই বার্তায় তিনি অভিযোগ করেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইয়ামাল ঘৃণা ছড়াচ্ছেন। আরও পড়ুন: বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়ল ইরান ফুটবল দল ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব থাকবেন না এবং ‘ইসরাইল ও ইহুদি জনগণের বিরুদ্ধে উস্কানি’ বন্ধে সোচ্চার থাকবেন। একই সঙ্গে তিনি বার্সেলোনা ক্লাবের কাছ থেকেও এ বিষয়ে পরিষ্কার অবস্থান প্রত্যাশা করেন এবং ক্লাব কর্তৃপক্ষ যেন স্পষ্ট করে জানায় যে, উস্কানি বা সন্ত্রাসবাদের সমর্থনের কোনো স্থান নেই—এমন আহ্বান জানান। এদিকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানান, ইয়ামালের ফিলিস্তিনের পতাকা উড়ানোর বিষয়টি তার পছন্দ হয়নি এবং এ নিয়ে তিনি খেলোয়াড়টির সঙ্গে কথা বলেছেন। তবে ফ্লিক এটিও উল্লেখ করেন যে ইয়ামাল এখন প্রাপ্তবয়স্ক এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেয়ার অধিকার রাখেন।
Go to News Site