Collector
চেয়ারে বসার আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল | Collector
চেয়ারে বসার আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল
Somoy TV

চেয়ারে বসার আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সন্ধ্যায় আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সেই আদেশ বাতিল করা হয়।  ‎শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে বৃহস্পতিবার দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। ‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আরও পড়ুন: নোবিপ্রবির নতুন ভিসি ড. গোলাম রব্বানী ‎ড. আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রশাসনেও তার অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নাসরিন আক্তারের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ‎তবে একই দিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি করে আগের নিয়োগ আদেশ বাতিল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সংক্রান্ত ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকে জারি করা আদেশগুলো বাতিল করা হলো। ‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। ‎এরইমধ্যে আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আরও পড়ুন: আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ‎নিয়োগ এবং পরে তাৎক্ষণিক বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ বিষয়টিকে ‘অস্বাভাবিক প্রশাসনিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তবে কী কারণে নিয়োগ বাতিল করা হয়েছে, সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পেয়ে বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ড. শওকাত আলী।

Go to News Site