Jagonews24
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা। বুধবার (১৪ মে) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এপ্রিল মাসের মাসিক অপরাধ সভা ও ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, কোরবানির পশুবাহী যানবাহন যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখার জন্য হাইওয়ে পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে মহাসড়কে সেবা গ্রহণকারীদের দ্রুত, আন্তরিক ও আইনগত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন হাইওয়ে পুলিশ প্রধান। সভায় ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ডিআইজি (অপারেশন) হাবিবুর রহমান খান চলতি বছরের এপ্রিল ও মার্চ এবং গত বছরের এপ্রিল মাসের ট্রাফিক সংশ্লিষ্ট অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। একই সঙ্গে কোরবানির পশুর হাট, যানজটপ্রবণ স্থান চিহ্নিতকরণ এবং ঈদ উপলক্ষে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রিজিওনাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত হন। টিটি/কেএএ/
Go to News Site