Somoy TV
নড়াইলের লোহাগড়ায় পূর্ব বিরোধের জেরে ছেলের সামনে আব্দুর রহিম শিকদার (৩৬) নামে এক ট্রাক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং নেতা আজিম ও তার পরিবারের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রহিম উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রহিম শিকদারের ছেলে সোয়াইব শিকদার (১২) ধোপাদহ এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিল। পূর্ব বিরোধের জেরে ওই এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ তাকে মারধর করে। আজিম শেখ লোহাগড়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আরও পড়ুন: নিজের রক্তাক্ত শরীর নিয়ে রাতভর মায়ের লাশের পাশে বসে ছিল শিশু আবির! পরে কাজ শেষে বাড়ি ফিরে রহিম শিকদার ছেলের কাছ থেকে মারধরের বিষয়টি জানতে পারেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি ছেলে ও কয়েকজনকে সঙ্গে নিয়ে ধোপাদহ সুইজগেট এলাকায় যান। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম শিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের ছেলে সোয়াইব সময় সংবাদকে বলেন, ‘আমার চোখের সামনে আজিম, তার বড় ভাই ও বাবা মিলে আব্বুকে ফেলে কুপাইছে। আমি ঠেকানোর চেষ্টা করছি, তবুও তারা থামেনি।’ এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
Go to News Site