Somoy TV
দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার মাঠ তৈরি করবে সরকার। ভবিষ্যৎ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং পেশা হিসেবে খেলাধুলাকে স্বীকৃতি দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসব কথা বলেন তিনি। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নামের এই আয়োজনে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কেবিএন স্পোর্টিং ক্লাব এবং দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাবের মধ্যকার এই ফাইনালে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। খেলা দেখতে মাঠে নামে দর্শকের ঢল। বিদ্যালয় ভবন ছাপিয়ে ছাদ, কেউ টিনের চালে আবার অনেকে গাছের ডালে উঠে খেলা উপভোগ করেন। শিশু থেকে বৃদ্ধ- সবার মাঝেই ছিল ফুটবল উন্মাদনা। তবে খেলার মাঝপথে অতিরিক্ত দর্শকের চাপে একটি টিনের চাল ভেঙে পড়ার ঘটনাও ঘটে। গ্রামবাংলার ফুটবল এখনও যে মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছে, গফরগাঁওয়ের এই আয়োজন যেন তারই প্রমাণ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে সমাজ বদলানো সম্ভব। আমি চাই, খেলাধুলার মাধ্যমে গফরগাঁও ও পাগলা থানাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে যেন এটি মডেল হয়ে থাকে।’ আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় খেলা এবং আবেগের জায়গা। তাই ফুটবলকে আমরা আরও এগিয়ে নিতে চাই। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান শুরু করেছেন।’ দেশের কিশোর-কিশোরীদের খেলাধুলার সাথে আরও সম্পৃক্ত করার জন্য ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিটি অঞ্চল থেকে, তৃণমূল থেকে প্রতিভাবানদের বাছাই করে তাদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব গ্রহণ করা হবে।’ মাঠ তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই সারা দেশের প্রত্যেকটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার উপযোগী মাঠ তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমাদের সরকার দেশের ক্রীড়ার উন্নয়নে সবসময় জনগণের পাশে আছে।’ এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবুল এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন।
Go to News Site