Collector
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮ | Collector
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮
Somoy TV

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮

বরিশালে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেই মারা গেছে ২১ শিশু।শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া ১৭ মাস বয়সী ওই শিশুর নাম আফিয়া। সে বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু হানিফের মেয়ে। রোগীর চাপ বাড়ায় শের-ই-বাংলা মেডিকেলে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নতুন করে আরও একটি ওয়ার্ড খোলা হয়েছে। বর্তমানে এই হাসপাতালের তিনটি কক্ষে হাম রোগের চিকিৎসা চলছে। তবে বেড সংকটের কারণে এক বিছানায় দুই থেকে তিনজন শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। একই সাথে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। আরও পড়ুন: গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শেবাচিমে নতুন করে ৪৮ জন হামের রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৪ জন। বর্তমানে সেখানে ১৭৩ জন চিকিৎসাধীন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ হাজার ১০৪ জন হামের রোগী চিকিৎসা নিয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম বলেন, ‘হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে চার সপ্তাহ সময় লাগে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

Go to News Site