Collector
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, প্রতিপক্ষের গুলিতে নিহত ১ | Collector
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, প্রতিপক্ষের গুলিতে নিহত ১
Somoy TV

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, প্রতিপক্ষের গুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পূর্বে একটি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শুক্রবার (১৫ মে) সকালে টেকনাফস্থ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের সুলতান আহমেদের ছেলে। এপিবিএন জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় রোহিঙ্গা ডাকাত সাদ্দাম ও তার গ্রুপের সদস্যরা সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। পূর্বশত্রুতার জেরে তারা হাসান আহমেদকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর সাদ্দাম গ্রুপের সদস্যরা এইচ-ব্লকের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা আহত অবস্থায় হাসান আহমেদকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রামক ব্যাধির বিস্তার, রূপ নিচ্ছে জাতীয় সংকটে খবর পেয়ে নয়াপাড়া এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টেকনাফ মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়। পরবর্তীতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এপিবিএন আরও জানায়, নিহত হাসান আহমেদ পূর্বে ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আদালতে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতির মামলা এবং দুটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে। ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ, জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

Go to News Site