Somoy TV
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রোগীর রক্ত দেয়াকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে নার্স ও কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টায় হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এতে দুই নার্স ও এক ওয়ার্ড বয় আহত হয়েছেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারপাশিয়া গ্রামের বাসিন্দা সেলিমা বেগম থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে রক্ত নেয়ার জন্য হাসপাতালে আসেন। তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নেয়া হলে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রোগীর চিকিৎসার পূর্ব ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেখতে চান। তবে স্বজনরা তা দেখাতে ব্যর্থ হন।নিরাপত্তা ও সঠিক চিকিৎসার স্বার্থে চিকিৎসকরা রোগীকে বিশেষজ্ঞ পরামর্শের জন্য হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রেফার্ড করেন। সেখানে রোগীদের ভিড় থাকায় তারা যেতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে রোগীর ছেলে এনামুল ও মেয়ের জামাই আবুল বাশার দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।আরও পড়ুন: বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮অভিযোগ উঠেছে, রোগীর স্বজনরা ক্যাজুয়ালিটি বিভাগের ওয়ার্ড বয় ইমন মোল্লার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন নার্স শারমিন আক্তার ও দোলা। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।পরে হাসপাতালের আনসার সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ক্যাজুয়ালিটি বিভাগের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক মহিমা জামান জানান, রোগীর স্বজনরা কোনো ব্যবস্থাপত্র ছাড়াই সরাসরি রক্ত দেয়ার দাবি জানান। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে রক্ত দেয়া সম্ভব নয় বলে তাদের মেডিসিন ওয়ার্ডে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা কথা না শুনে উল্টো নার্স ও কর্মীদের ওপর চড়াও হন।এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site