Collector
গাজীপুরের মহাসড়ক যেন এখন জমজমাট বাজার | Collector
গাজীপুরের মহাসড়ক যেন এখন জমজমাট বাজার
Somoy TV

গাজীপুরের মহাসড়ক যেন এখন জমজমাট বাজার

দফায় দফায় উচ্ছেদ আর আলটিমেটাম দিয়েও দখল মুক্ত করা যায়নি মহাসড়ক। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন জমজমাট এক বাজার। এমন পরিস্থিতিতে আসছে ঈদে ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। স্থানীয় প্রশাসনের ইজারা জটিলতাই এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা।টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিন রাত চলছে এই সড়ক দখলের প্রতিযোগিতা। অবৈধ এই কাজে আবার নীরব সমর্থন দিচ্ছে কর্তৃপক্ষ। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বাজার দেখিয়ে তা ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলাফল হিসেবে বাড়ছে জনদুর্ভোগ। কোনো উৎসব এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তি নতুন রূপে ধরা দেয়। আসছে ঈদে তারও ব্যতিক্রম নয়। তাইতো অসম্ভব হলেও আগেভাগেই সড়ক ছাড়ার সাত দিনের আলটিমেটাম দিয়েছে সড়ক ও জনপদ অধিদফতর। যদি এই সময়ের মধ্যে তারা না সরে যায় তবে আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে দেয়া হয়েছে ঘোষণা। মহাসড়ক নিয়ে বছরের পর বছর ধরে চলছে এমন চোর-পুলিশ খেলা। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতিবছর তা ভাড়ায় দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি, বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের লাইসেন্স দেয়া হয়নি কাউকে। আরও পড়ুন: গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিঠি গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া বলেন, বাজার ইজারা দেয়া হয়েছে কিন্তু মহাসড়ক ইজারা দেয়া হয়নি। সেটা চিঠিতে এটি স্পষ্ট করে লেখা আছে। যদি কেউ মহাসড়কের উপর দোকান বসিয়ে থাকেন তবে তিনি অবৈধভাবে এই কাজ করছেন। এরই মধ্যে সড়ক ও জনপথ অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা চেষ্টা করছি মহাসড়ক থেকে সব ধরনের দোকানপাট উচ্ছেদ করতে।   এদিকে সরকারের দুই দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ ইজারাদাররা। এমন বাস্তবতায়, আসছে ঈদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হতে পারে দুর্ভোগের আরেক নাম। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের দুই দফতরকে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক হোসাইন মো. শাহিন বলেন, সড়কের আশপাশে কোনো ইজারা দেয়া ঠিক না। এর কারণে বাজার বসতে বসতে মহাসড়কের দুটি লেন বন্ধ হয়ে যাচ্ছে, এতে করে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। ঈদ আসলে এই ভোগান্তি আরো ভয়াবহ আকার ধারণ করে। এ বিষয় নিয়ে সরকারি দফতরগুলোকে আরো সচেতনতার সাথে দায়িত্ব পালন করা উচিত। মহাসড়কে ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। আরও পড়ুন: গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা গেল চাঞ্চল্যকর তথ্য মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, অন্যদিকে যানযটে পড়ে প্রায় প্রতিদিন বিশাল সংখ্যক কর্ম ঘণ্টা হারাচ্ছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপালার যাত্রীরা। শুধু ঈদ আসলেই তৎপরতা নয়, এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর।

Go to News Site