Jagonews24
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ থেকে আইফোন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। শুক্রবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার বর্ণনা দেন তিনি। তানহা তাসনিয়ার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিংয়ে উপস্থিত ছিলেন তিনি। সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে সে কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স মোবাইল ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্ট্যাটাসে অভিনেত্রী জানান, ফোনটি সাইলেন্ট অবস্থায় আছে কিনা দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি আর টেবিলে নেই। পরে বিষয়টি বুঝতে পেরে এফডিসির বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর ১০৭৭। অভিনেত্রীর দাবি, জিডির পর পুলিশ দ্রুত তদন্তে নামে। তবে পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন এফডিসির সিসিটিভি ব্যবস্থা অকার্যকর থাকার বিষয়টি। তানহা তাসনিয়ার দাবি, এফডিসির প্রবেশ গেটসহ ভেতরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বরাতে তিনি জানান, অনেকদিন ধরেই নাকি সার্ভার অচল। স্ট্যাটাসের শেষাংশে এ অভিনেত্রী লেখেন, ‘একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।’ নায়িকা তানহার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নেটিজেনরাও এফডিসিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এলআইএ
Go to News Site