Collector
জাতিসংঘে যুক্তরাষ্ট্র সমর্থিত হরমুজ বিষয়ক প্রস্তাবে ভেটোর ইঙ্গিত চীনের | Collector
জাতিসংঘে যুক্তরাষ্ট্র সমর্থিত হরমুজ বিষয়ক প্রস্তাবে ভেটোর ইঙ্গিত চীনের
Somoy TV

জাতিসংঘে যুক্তরাষ্ট্র সমর্থিত হরমুজ বিষয়ক প্রস্তাবে ভেটোর ইঙ্গিত চীনের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহরাইনের সমর্থিত একটি প্রস্তাবের সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত দেশটির প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাহরাইন যে রেজল্যুশন এনেছে, সেটি তারা সঠিক মনে করছে না এবং এই সময়ে এটি উপযুক্তও নয়।খসড়া রেজল্যুশনটি এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইরানকে হরমুজ প্রণালীতে হামলা ও মাইন বসানো বন্ধ করতে হবে। কিন্তু কূটনীতিকরা বলছেন, এই প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়তে পারে। চীন এর আগেও একই ধরনের একটি মার্কিন-সমর্থিত প্রস্তাবের বিরোধিতা করেছে এবং সেটাকে ‘ইরানবিরোধী পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং শুক্রবার (১৫ মে) এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা মনে করি, প্রস্তাবটির বিষয়বস্তু ঠিক নয় এবং সময়টাও ঠিক নয়।’ তিনি আরও বলেন, এই মুহূর্তে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে আসতে উৎসাহ দেওয়াই দরকার। তার মতে, এখন রেজল্যুশন পাস করা পরিস্থিতিকে সমাধান করার বদলে আরও জটিল করে তুলতে পারে।  এদিকে ইরান ও হরমুজ প্রণালি ইস্যুতে চীনের দীর্ঘদিনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে বেইজিং থেকে পুনরায় নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন সফরের প্রেক্ষিতে মার্কিন গণমাধ্যমে বেইজিংয়ের অবস্থান পরিবর্তনের যে গুঞ্জন ছড়ায়, তা নাকচ করে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।  এশীয় কূটনৈতিক সূত্রগুলোর বরাতে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ওয়াশিংটন পরিকল্পিতভাবে এমন একটি ধারণা প্রচার করার চেষ্টা করছে যেন তারা বেইজিংকে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে রাজি করাতে পেরেছে। বিশেষ করে হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সাম্প্রতিক মার্কিন-চীন আলোচনার পর এই ধরনের প্রচার বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা বা ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আমেরিকার এই বাগাড়ম্বর মূলত প্রকৃত সত্য আড়াল করার একটি কৌশল মাত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্রের প্রসারের বিরোধী হলেও শান্তিপূর্ণ কাজে ইরানের ইউরেনিয়াম ব্যবহারের অধিকার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের প্রতি সমর্থন বজায় রেখেছে। একইসঙ্গে হরমুজ প্রণালীকে সামরিকীকরণমুক্ত রেখে একে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখার পক্ষে বেইজিং তার অবস্থানে অটল রয়েছে, তবে এই কৌশলগত জলপথের তীরবর্তী দেশ হিসেবে ইরানের সার্বভৌম অধিকারকেও তারা সম্মান জানায়।

Go to News Site