Collector
বাগেরহাটের পানগুছি নদীতে সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন | Collector
বাগেরহাটের পানগুছি নদীতে সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন
Jagonews24

বাগেরহাটের পানগুছি নদীতে সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পানগুছি নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে ঢাকায় মানববন্ধন হয়েছে। শনিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তারা বলেন, পানগুছি নদীর ওপর একটি সেতুর অভাবে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পারাপারের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিগত সরকারের আমলে নানা টালবাহানা করে মোড়েলগঞ্জবাসীকে বঞ্চিত করা হয়েছে। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখানে একটি টেকসই সেতু নির্মাণ এখন সময়ের দাবি। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব (অব.) মশিউর রহমান বলেন, পানগুছি নদীতে ট্রলার ও নৌকায় করে পারাপারের সময় কত মানুষের প্রাণ গেছে, তার সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। বাগেরহাটে কোনো বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নেই। তারপরও এই মুহূর্তে আমাদের বেশি জরুরি প্রয়োজন পানগুছি সেতু।  সভাপতির বক্তব্যে আয়োজক পরিষদের সভাপতি ও তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, কয়েক বছর আগে পানগুছি নদীতে ১০০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি হয়েছিল। এতে ১৯ জন মারা যায়। বিগত সরকার একনেক সভায় পানগুছি নদীর ওপর সেতুর প্রকল্প পাস করলেও কাজ করেনি। আশা করি, আসছে একনেক সভায় পানগুছি সেতুর এই প্রকল্প পাস করবে সরকার। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি ড. এস এম রহমান হালিম (তনু), বাগেরহাটে জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি রেজাউনুল হক সবুজ, আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমন প্রমুখ। কেএইচ/এমএমকে

Go to News Site