Somoy TV
লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত দুই ভাই হলেন- লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। সিফাত কলেজছাত্র এবং স্বচ্ছ নবম শ্রেণির ছাত্র ছিল। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে অন্যান্য দিনের মতো শনিবারও গ্রামের সহপাঠীদের সঙ্গে খেলতে যায় দুই ভাই সিফাত ও স্বচ্ছ। খেলা শেষে স্বচ্ছ তিস্তা নদীতে গোসলে নামে। একপর্যায়ে সে নদীর গভীর পানিতে ডুবে যেতে থাকে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে লাফ দেয় বড় ভাই সিফাত আহমেদ। কিন্তু শেষ রক্ষা হয়নি, প্রবল স্রোতে বড় ভাইও পানিতে ডুবে যায়।পরে স্থানীয় লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: বিছনাকান্দিতে ঢলে ভেসে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধাররাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু আধিকারী বলেন, ছোট ভাই গোসলে নেমে গভীর পানিতে ডুবে যাচ্ছিল। সেই ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে মারা যায় বড় ভাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Go to News Site