Somoy TV
শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৬ মে) রাতে পালং মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আকরাম এলাহী। মামলায় ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, সলেমান কাজী ওরফে আল-আমিন (৩০), জসিম কাজী (৪০), আব্দুল জলিল কাজী (৩২), রবিউল কাজী (৩২), জায়েদা বেগম (৬০) ও আয়েশা মনি (১৯)।পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন।তবে ঢাকায় নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।আরও পড়ুন: রোগীর মৃত্যু: মারধরে আহত চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণশনিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ডা. নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে জেলা সিভিল সার্জন কার্যালয় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য বিভাগ থেকে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Go to News Site