Somoy TV
মোটরসাইকেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনার বিরোধিতা করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন ডা. শফিকুর রহমান। পোস্টে জামায়াত আমির লিখেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন, জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।’ আরও পড়ুন: জামায়াত আমির / গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে ডা. শফিকুর রহমান লিখেন, করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুয়ের ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। ‘আশা করি, সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে’, যোগ করেন বিরোধীদলীয় নেতা। আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে কিনা, শঙ্কা জামায়াত আমিরের এনবিআরের প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল নতুন এ করের আওতার বাইরে থাকতে পারে। তবে ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির বাইকের জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি বাইকের ক্ষেত্রে বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করছে সংস্থাটি।
Go to News Site