Somoy TV
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজিত হাসান (২৮) নামে এক ফার্মাসিউটিক্যালস কর্মকর্তা নিহত হয়েছেন। ফার্মগেটে আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে প্রডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন তিনি।রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সোহান জানান, সকালে তিনি (সোহান) শনির আখড়া দিয়ে কলেজে যাচ্ছিলেন। তখন দেখেন, একটি সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তিনি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরও পড়ুন: রাজধানীতে এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের এদিকে, নিহতের বাবা মো. সোলাইমান জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানের বাসা কদমতলী মিরাজনগর। ফার্মগেটে আল-মদিনা ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেডে প্রডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন তার ছেলে সাজিত। প্রতিদিনের মতো রোববার সকালেও নিজের মোটরসাইকেল চালিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে দুর্ঘটনার খবর শুনতে পান তারা। সাজিতের বাবা বলেন, দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মেঝ ছিল সাজিত। এখনও অবিবাহিত। তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।
Go to News Site