Collector
প্রবাসের বুকে এক টুকরো ‘বাংলাদেশ’ | Collector
প্রবাসের বুকে এক টুকরো ‘বাংলাদেশ’
Jagonews24

প্রবাসের বুকে এক টুকরো ‘বাংলাদেশ’

মীর মাহফুজ আনাম, মাস্কাট (ওমান) থেকে প্রখর রোদেলা দিন। দুপুর গড়াতেই সারি সারি গাড়ি ছুটছে মাস্কাট সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের নয়নাভিরাম, সবুজে ঘেরা সাওয়াদি ওয়াটার পার্কের দিকে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউবা এসেছেন লাল-সাদা বৈশাখী সাজে। প্রবাস জীবনের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে একদিনের জন্য যেন সবাই ফিরে গিয়েছিলেন শেকড়ে বাংলার উৎসবে। ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত শুক্রবার দিনব্যাপী বৈশাখী মেলায় ছিল আনন্দ আর উৎসবের রঙিন আয়োজন। চারদিকে বাংলা গান, হাসি আর আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। প্রবাসের বুকে যেন তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ। স্টলজুড়ে ছিল হরেক পদের দেশীয় খাবার। ফুচকা, চটপটি, ভর্তা, পিঠা, কাবাব থেকে শুরু করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা খাবারে ভিড় করেন দর্শনার্থীরা। শিশুদের জন্য ছিল খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে নাচ, গানে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। আয়োজন ছিল গ্রামীণ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতাও। প্রবাসীরা বলছেন, বছরের পর বছর দেশের বাইরে থাকলেও এমন আয়োজন তাদের হৃদয়ে দেশের আবহ ফিরিয়ে আনে। সাগর চৌধুরী নামের মেলায় আসা এক প্রবাসী বলেন, প্রবাসে থেকেও আজ মনে হচ্ছে যেন দেশের কোনো বৈশাখী মেলায় আছি। কাজের চাপে আমরা সবাই ব্যস্ত থাকি। এমন আয়োজন আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। বললেন, আমরাত থেকে আসা প্রবাসী ব্যবসায়ী ইকবাল। স্ত্রী সন্তানকে নিয়ে আসা আরফাত বলেন, এ ধরনের আয়োজনে প্রবাসের বুকে সন্তানদেরও বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারছি। কর্মজীবী হালিমা। শুক্রবার হিসেবে ছুটি পেয়ে ছুটে এসেছেন মেলায়। তিনি বলেন, পার্কের পরিবেশটা অসাধারণ। তার সঙ্গে বৈশাখী সাজ, গান আর দেশীয় খাবার সব মিলিয়ে দারুণ একটি দিন কাটছে। সাওয়াদি ওয়াটার পার্কের প্রাকৃতিক সৌন্দর্যও বাড়তি মাত্রা যোগ করে পুরো আয়োজনকে। চারদিকে সবুজ গাছপালা, খোলা আকাশ আর মনোমুগ্ধকর পরিবেশে উৎসব যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ক্লাবের সভাপতি আজিম উল হক বাবুল তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রবাসীদের মধ্যে সম্প্রীতি, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। সস্ত্রীক উপস্থিত হয়েছেন, ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। তিনিও এ ধরনের আয়োজনে ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। দিনশেষে গান, আনন্দ আর স্মৃতিমাখা মুহূর্ত নিয়ে বাড়ি ফেরেন হাজারো প্রবাসী। তবে সবার কণ্ঠে ছিল একটাই কথা প্রবাসে থেকেও এমন আয়োজন হৃদয়ে বাঁচিয়ে রাখে বাংলাদেশকে। এমআরএম

Go to News Site