Somoy TV
দেশব্যাপী পথশিশুদের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রোববার (১৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মানবাধিকার সংস্থা ‘ইকুইটাস ফাউন্ডেশনে’র করা একটি জনস্বার্থমূলক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন আদালত। পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় বিধিমালা, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার কারণ দর্শাতেও বলেছেন আদালত। রুলে হাইকোর্ট আরও জানতে চেয়েছেন পথশিশুদের প্রকৃত অবস্থা নির্ণয়ে কেন তদন্ত ও দেশব্যাপী জরিপ পরিচালনার নির্দেশ দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি, নির্যাতন, অবহেলা ও শোষণ প্রতিরোধে কঠোর তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না। শুনানিতে ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিশাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহীন শাহনেওয়াজ ও এস এম জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।
Go to News Site