Somoy TV
ঢাকার গুলশান-১ এলাকায় আকস্মিক ঝড়ের সময় একটি মাইক্রোবাসের ওপর বড় গাছের ডাল ভেঙে পড়েছে। এতে ভেতরে থাকা চারজন সাংবাদিক ও একজন চালক অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।ঘটনাটি ঘটে সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে, গুলশান-১ চত্বরের দক্ষিণ সিগন্যাল এলাকায় গ্লোরিয়া জিন্সের সামনে। তীব্র ঝড় ও ভারী বৃষ্টির কারণে মুহূর্তেই পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গাছের ডাল ভেঙে মাইক্রোবাসটির ওপর পড়ার পর সেটি সম্পূর্ণভাবে আটকে যায়। একই সঙ্গে একটি উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকায় এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে গুলশান ট্রাফিক জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীরা গাছের ডাল অপসারণে কাজ করেন এবং ডেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন: খাল পুনঃখননের নামে ২ শতাধিক গাছ কাটার অভিযোগ, তদন্ত কমিটি গঠন গাছের ডালের নিচে আটকে যাওয়া মাইক্রোবাস থেকে দীর্ঘ চেষ্টার পর চারজন সাংবাদিক ও একজন চালককে নিরাপদে উদ্ধার করা হয়। জানা গেছে, তারা দৈনিক দিনকাল পত্রিকার কর্মী। উদ্ধার হওয়া সাংবাদিকরা জানান, হঠাৎ ঝড় ও জনশূন্য পরিবেশে তারা ভয় পেয়ে যান। তবে দ্রুত পুলিশের উপস্থিতিতে তারা স্বস্তি ফিরে পান। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয় এবং সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। পুলিশ জানায়, এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত সমন্বিত পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Go to News Site