Jagonews24
ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন দ্বৈতগান ‘তুমি আসবে বলে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শরীফ ও স্বরলিপি। গানটির কথা ও সুর করেছেন হাবিব মোস্তফা এবং সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। ঈদ উপলক্ষে নির্মিত নান্দনিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে ‘তিন তার’ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি পরিচালনা করেছেন ইব্রাহিম আহমেদ। সেখানে মডেল হিসেবেও দেখা গেছে শরীফ ও স্বরলিপিকে। গানটি নিয়ে গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘শরীফের কণ্ঠে রয়েছে আলাদা মায়া ও আকর্ষণীয় উচ্চারণভঙ্গি। স্বরলিপির গায়কীও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। তাই গানটির প্রতিটি অংশ অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। শ্রোতাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।’ কণ্ঠশিল্পী শরীফ বলেন, ‘ভালোবাসা একটি পবিত্র অনুভূতি, যা সহজে প্রকাশ করা যায় না। ‘তুমি আসবে বলে’ গানটির মাধ্যমে সেই অনুভূতিকে সুরে ও কথায় প্রকাশের চেষ্টা করা হয়েছে।’ স্বরলিপি বলেন, ‘সহজ কথা, মিষ্টি সুর ও পরিচ্ছন্ন সংগীতায়োজনে তৈরি এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। সহশিল্পী শরীফের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল বলে জানান তিনি। ঈদ আনন্দকে আরও রাঙিয়ে দিতেই এই গান প্রকাশ করা হয়েছে।’ এলআইএ
Go to News Site