Somoy TV
ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, ভাইরাসটি ধারণার চেয়ে দ্রুত ছড়াতে পারে।খবর বিবিসির।আফ্রিকার কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে এরই মধ্যে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার(১৯ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. অ্যান অ্যান্সিয়া বলেছেন, যত বেশি তদন্ত করা হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই রোগ অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কঙ্গোতে এখন পর্যন্ত ৫১৩ জনেরও বেশি রোগী শনাক্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং প্রতিবেশী দেশ উগান্ডায় একজনের মৃত্যু হয়েছে। কিন্তু গত সোমবার (১৮ মে) প্রকাশিত লন্ডন-ভিত্তিক এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালাইসিসের মডেলিং থেকে জানা গেছে যে, শনাক্তের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে এবং এরই মধ্যে এক হাজারের বেশি রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও পড়ুন: কঙ্গো-উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব, বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা ডব্লিউএইচওর ইবোলার এই প্রাদুর্ভাবে গত সপ্তাহে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। তিনি বলেন, তিনি ‘মহামারির ব্যাপকতা ও গতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন’। আশঙ্কা করা হচ্ছে যে, গত ২৪ এপ্রিল প্রথম শনাক্ত হওয়ার আগে থেকেই এই প্রাদুর্ভাব বেশ কয়েক সপ্তাহ ধরে চলছিল। সাম্প্রতিক সময়ে সংক্রমণ বৃদ্ধির পেছনে যে ইবোলা ভাইরাসের স্ট্রেইনটি দায়ী, তার কোনো টিকা নেই। তবে অন্য কোনো ওষুধ সুরক্ষা দিতে পারে কি না তা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যান্সিয়া বলেন, কঙ্গোর ইতুরি প্রদেশ এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল। এটি একটি অত্যন্ত অরক্ষিত এলাকা যেখানে মানুষের ব্যাপক চলাচল রয়েছে। ফলে সংস্থাটির পক্ষে রোগের বিষয় তদন্ত করা এবং নিয়ন্ত্রণে সহায়তা করা কঠিন হয়ে পড়ছে।
Go to News Site