Collector
এক মাসের ব্যবধানে একই আস্তানা থেকে আবারও মজুত জ্বালানি জব্দ | Collector
এক মাসের ব্যবধানে একই আস্তানা থেকে আবারও মজুত জ্বালানি জব্দ
Somoy TV

এক মাসের ব্যবধানে একই আস্তানা থেকে আবারও মজুত জ্বালানি জব্দ

চট্টগ্রামে এক মাসের ব্যবধানে একই আস্তানা থেকে আবারও বিপুল পরিমাণ অবৈধ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সাব্বির আলম সুজন জানান, সোমবার (১৮ মে) রাত ১১টায় পতেঙ্গা থানার ভিআইপি রোড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকার ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার অকটেন জব্দ করা হয়। পাশাপাশি তেল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে আভিযানিক দলটি। আরও পড়ুন: চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন চালু হচ্ছে জুনের শেষে একই রাতে ইপিজেড থানাধীন আকমল আলী স্লুইসগেট এলাকায় মধ্যরাত ১টায় (মঙ্গলবার ভোরে) আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। ঘাট সংলগ্ন এলাকায় জাহাজ থেকে অবৈধভাবে খালাস করার সময় সেখানে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন আরও জানান, দুটি অভিযানেই আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব ঘটনায় জড়িত মূল হোতাদের ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। জব্দ করা জ্বালানি ও ভোজ্যতেল এবং ট্রাকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site