Somoy TV
বিশ্বকাপের মঞ্চে আরেকবার ফিরছেন নেইমার জুনিয়র। তবে এবারের ফেরাটা শুধু একটি স্কোয়াড ঘোষণার গল্প নয়, এটি যেন দীর্ঘ যন্ত্রণা, সমালোচনা আর প্রত্যাবর্তনের এক আবেগঘন অধ্যায়ের নাম। আর সেই গল্পের সবচেয়ে আবেগী মুহূর্তটি এনে দিলেন রাফিনিয়া।সোমবার (১৮ মে) দিবাগত রাতে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা করেন কার্লো আনচেলত্তি। সেই ঘোষণায় যখন নেইমারের নাম উচ্চারিত হলো, তখন যেন জমে থাকা সব আবেগ একসঙ্গে বিস্ফোরিত হলো সেলেসাও শিবিরে। কয়েক মাস আগেও যাকে ঘিরে ছিল অনিশ্চয়তা, চোটের দুঃসহ পুনর্বাসন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন; সেই নেইমারই এখন বিশ্বকাপের দলে। দল ঘোষণার কিছুক্ষণ পরই বার্সেলোনা তারকা রাফিনিয়া ভিডিও কল করেন নেইমারকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, সান্তোস ফরোয়ার্ড তখনও কান্নায় ভেঙে পড়া অবস্থায় বসে আছেন তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির পাশে। ফোন ধরেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ব্রাজিলের নাম্বার টেন। রাফিনিয়ার উদ্দেশে নেইমার বলেন, ‘রাফা, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। মন থেকে বলছি। তুমি জানো তোমার প্রতি আমার ভালোবাসাটা কেমন। সব ঠিক হয়ে যাবে। আমরা এটা জিতব… আমরা এই বিশ্বকাপ জিতব!’দল ঘোষণার পর নেইমারকে ফোন করেছিলেন রাফিনিয়া। ছবি: সংগৃহীত আরও পড়ুন: বিশ্বকাপ দলে নিজের নাম শুনেই কান্নায় ভেঙে পড়েন নেইমার শুধু কয়েকটি বাক্য নয়, কথাগুলো যেন প্রকাশ করছিল গত এক বছরের অদৃশ্য লড়াই। ভয়ংকর চোটের পর মাঠে ফেরা, জাতীয় দলে জায়গা হারানোর শঙ্কা, সমালোচকদের তীর; সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে পৌঁছেছেন তিনি। এ কারণেই হয়তো এই ডাকটি ছিল নেইমারের কাছে শুধুই একটি স্কোয়াড নির্বাচনের খবর নয়, বরং নতুন জীবনের স্বীকৃতি। ব্রাজিলজুড়ে গত কয়েক সপ্তাহ ধরেই প্রশ্ন ছিল, আসলে কি নেইমারকে দলে নেবেন আনচেলত্তি? অনেকেই মনে করছিলেন, বয়স, ফিটনেস আর ধারাবাহিক ইনজুরির কারণে হয়তো এবার বাদ পড়তে পারেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ। রাফিনিয়ার কলের ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। ফুটবল সমর্থকদের কাছে এটি হয়ে ওঠে ব্রাজিল দলের ভেতরের বন্ধন, বিশ্বাস আর স্বপ্নের প্রতিচ্ছবি। সাম্প্রতিক বছরগুলোতে সমালোচনা আর বিভক্তির মধ্যে থাকা ব্রাজিল দলে এবার যেন নতুন এক ঐক্যের আবহ তৈরি হয়েছে। আরও পড়ুন: নেইমারকে দলে রাখার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি এদিকে নেইমারের অন্তর্ভুক্তির পাশাপাশি দল ঘোষণায় ছিল কিছু চমকও। প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটিয়েও স্কোয়াডে জায়গা পাননি জোয়াও পেদ্রো। ফলে আলোচনার কেন্দ্রে উঠে আসে নির্বাচনী সিদ্ধান্তগুলোও। গ্রুপ পর্বে ব্রাজিল খেলবে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে। তবে দল ঘোষণার দিন সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছে কোনো কৌশল বা পরিসংখ্যান নয়; বরং এক ভিডিও কলে ধরা পড়া নিখাদ মানবিক আবেগ। কারণ কখনও কখনও ফুটবল শুধু ট্রফি জয়ের গল্প নয়, এটি ফিরে আসার গল্পও। আর নেইমারের চোখের জল যেন সেই গল্পটিই আবার মনে করিয়ে দিলো।
Go to News Site