Somoy TV
যশোরের চৌগাছায় সালিশ বৈঠক শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া (৩০) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান একই এলাকার মশিয়ার রহমানের ছেলে। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, সোমবার ঝন্টুর মামাতো বোন, ১৪ বছর বয়সী কিশোরী জুঁইকে দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে কিশোরীকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। তবে সালিশ শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শান্ত মিয়ার পক্ষের আবু উবাইদাসহ কয়েকজন ঝন্টু মিয়া ও তার চাচাতো ভাই আশানুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। আরও পড়ুন: শ্রীপুরে কৃষককে কুপিয়ে হত্যা স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। আশানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
Go to News Site